রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাতে রংপুর নগরের জি এল রায় সড়কেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সাতমাথা এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের জি এল রায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দুই শতাধিক মানুষ। তাঁরা মাদককারবারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

রাত ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাতমাথা রেলগেটের পাশে কমিটির তিন সদস্যকে মারধর করেন স্থানীয় মাদককারবারিরা। আহত ব্যক্তিরা হলেন সাতমাথা এলাকার ওয়াসিম হোসেন (২৭), শাহিন ইসলাম (২৫) ও আবদুল কুদ্দুস (৬০)।

এলাকাবাসীর ভাষ্য, গুরুতর আহত অবস্থায় রাতে ওয়াসিম ও শাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। আবদুল কুদ্দুস ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সড়কে বেঞ্চ, টেবিলসহ বিভিন্ন প্রতিবন্ধক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল শনিবার রাতে রংপুর নগরের জিএল রায় সড়কে
ছবি: প্রথম আলো

অবরোধ চলাকালে সড়কে বেঞ্চ, টেবিল, বাঁশ, চৌকিসহ বিভিন্ন প্রতিবন্ধক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাতমাথা, রেলগেট ও বস্তি এলাকায় অন্তত আট হাজার মানুষের বসবাস। এসব এলাকায় মাদকের বিস্তার নিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বারবার অনুরোধ করেও কাজ হয়নি। এ পরিস্থিতিতে প্রায় তিন মাস আগে এলাকার ৫১ জনকে নিয়ে ‘সাতমাথা মাদক ও অপরাধ নির্মূল’ নামে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি আখতারুজ্জামান পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোরছালিন হায়াতের অভিযোগ, সাতমাথায় মাদকের মূল ব্যবসা করেন স্থানীয় হাছিনা বেগম, আমজাদ হোসেন ও আবদুল মতিন। তাঁদের কাছ থেকে মাদক নিয়ে এলাকায় খুচরা বিক্রি করেন বাদল, জনি, আকাশ, শিপন, সজীব, রকি, চান্দু ও আসিফ।

আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার রাতে রংপুর নগরের জিএল রায় সড়কে
ছবি: প্রথম আলো

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া গৃহবধূ শিরিনা আক্তার বলেন, ‘এখানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করা হয়। আমাদের বাচ্চারা ওদের কাছ থেকে মাদক নিয়ে খায়। বাচ্চারা আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি, এখানে মাদক ব্যবসায়ীরা থাকবে না।’

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে জানিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেয় না। এলাকাবাসীর অভিযোগ আমরা গুরুত্বসহ নিয়েছি।’