জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
চাকরি স্থায়ী করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটে অস্থায়ী কর্মচারীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল সোমবার সকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ডাকা এই অবস্থান ধর্মঘট শুরু করেন।
আজ সকাল সাড়ে ছয়টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখা যায়, কাঁথা-বালিশ বিছিয়ে ভবনের প্রধান ফটকের সামনে শুয়ে আছেন কর্মচারীরা। সারা রাত তাঁরা সেখানেই অবস্থান করেছেন বলে জানান। অবস্থান নেওয়া শ্রমিকেরা বলছেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা এই ধর্মঘট চালিয়ে যাবেন।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিনবার প্রশাসনকে স্বারকলিপি দিয়েছেন। একই দাবিতে মানববন্ধন করা হলে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার অস্থায়ী কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেন। সবশেষ চলতি বছরের ২ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেন তাঁরা। তখন প্রশাসন ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসগুলোয় নিয়োগের মৌখিক আশ্বাস দেন। তবে ছয় মাস অতিবাহিত হলেও তার কোনো বাস্তবায়ন না হওয়ায় আবারও অবস্থান ধর্মঘটে বসেছেন তাঁরা।
কর্মচারীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাঁদের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি দেওয়া হয়, যা বর্তমান বাজারমূল্য অনুযায়ী খুবই স্বল্প। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
দৈনিক মজুরি ভিত্তিতে ১১ বছর ধরে শেখ হাসিনা হলের এটেন্ডেড হিসেবে কাজ করছেন শাহনাজ পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী মারা গেছেন ১৩ বছর আগে। তাঁর দুই মেয়ে পড়ালেখা করছেন। যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালাতে পারছেন না তিনি। মেয়ে দুইটার লেখাপড়া খরচও বহন করতে হিমশিম খাচ্ছেন। তাঁর অভিযোগ, অনেক জুনিয়র কর্মচারীর চাকরি স্থায়ী হলেও তাঁর চাকরি স্থায়ী করা হয়নি। প্রশাসন তাঁদের বারবার আশ্বাস দিয়ে গেলেও তা বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ তাঁর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিরাপত্তা প্রহরী আলাউদ্দিন বলেন, যখন তিনি চাকরি শুরু করেন তখন তিনি জানতেন তিন মাস পর তাঁর চাকরি স্থায়ী করা হবে। কিন্তু সাত বছর ধরে চাকরি করলেও তাঁর চাকরি স্থায়ী হয়নি। তাঁর সরকারি চাকরির বয়সও শেষ হয়েছে। ফলে তিনি অন্য কোথাও যেতে পারছেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রথম আলোকে বলেন, কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর তৎকালীন উপাচার্যের পরামর্শে অস্থায়ী কর্মচারীদের মজুরি দৈনিক ৩৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত মোট ১৭৯ জন কর্মচারীর মধ্যে থেকে এখন পর্যন্ত ৩৭ জনকে স্থায়ী চাকরি দেওয়া হয়েছে। দৈনিক মজুরিতে কর্মরত ব্যক্তিদের অবস্থা মানবিক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নতুন পদে নিয়োগের অনুমোদন আনতে তিনি উপাচার্যকে যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছেন। ইউজিসির অনুমোদন সাপেক্ষে দৈনিক মজুরিতে কর্মরত ব্যক্তিদের ধাপে ধাপে স্থায়ী করার প্রক্রিয়া অব্যাহত রাখবেন।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।