মুন্সিগঞ্জে পরিত্যক্ত ভিটা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি পরিত্যক্ত ভিটাবাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল বেপারী (৫৫)। তিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের জজকোর্ট এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
জমিজমা নিয়ে মাকহাটি এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। ঝামেলা এড়াতে তিনি গ্রামের বাড়ি ছেড়ে সদর উপজেলার শিলমান্দি গ্রামে বোনের বাড়িতে থাকতেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন মোজাম্মেল বেপারী। দেশে ফেরার পর তিনি বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। জমিজমা নিয়ে মাকহাটি এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। ঝামেলা এড়াতে তিনি গ্রামের বাড়ি ছেড়ে সদর উপজেলার শিলমান্দি গ্রামে বোনের বাড়িতে থাকতেন।
মঙ্গলবার দুপুরে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর মোজাম্মেল বেপারী নিখোঁজ হন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বুধবার বিকেলে মহেশপুর এলাকার একটি পরিত্যক্ত ভিটাতে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোজাম্মেল বেপারীর ভাই ও বোনের অভিযোগ, তাঁকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ওই পরিত্যক্ত ভিটাতে ফেলে রাখা হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির মুঠোফোন তাঁর স্ত্রীর কাছে ছিল বলে জানিয়েছে পরিবার।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় মোজাম্মেল বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোথাও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার নিখোঁজ হলেও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।