জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা, এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার। চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে জানান, সমস্যা জটিল। তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা–বাবা। সব বাধা জয় করে সেই তাহমিনাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন।
‘চোখের আলো না থাকলেও মনের আলো তো আছে। ইচ্ছাশক্তি থাকলে সব বাধা পেরোনো সম্ভব। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। মনের আলোয় সব বাধা জয় করতে চাই।’ মৌলভীবাজারের জুড়ীতে গত বুধবার নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই কথা বলছিলেন তাহমিনা।
লেখাপড়া শেষ করে তাহমিনা ব্যাংকার হতে চান। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেছেন। গান গাইতেও ভালোবাসেন তিনি। অবসরে হারমোনিয়াম বাজিয়ে গান করেন। লোকগান তাঁর পছন্দের।
তাহমিনার এমন সাফল্যের জন্য জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে তাঁকে একক সংবর্ধনা দেওয়া হয়। তাহমিনা ওই ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মুদিদোকানি আবদুল আহাদ ও আমিনা বেগম দম্পতির মেয়ে।
বুধবার দুপুরে জায়ফরনগর ইউপির সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা। প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও তাহমিনার বাবা উপস্থিত ছিলেন। তাহমিনার সাফল্যে এলাকার অন্য শিক্ষার্থীরাও যাতে অনুপ্রাণিত হন, সে জন্য এ আয়োজন করা হয় বলে জানান মাছুম রেজা।
ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধকতা তাহমিনার মেধা ও স্বপ্ন আটকে রাখতে পারেনি। সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তাহমিনার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয় অর্থসহায়তা।
জেদ ধরেছিলেন পড়াশোনার
অনুষ্ঠানে তাহমিনা বলেন, লেখাপড়া শেষ করে তিনি ব্যাংকার হতে চান। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেছেন। গান গাইতেও ভালোবাসেন তিনি। অবসরে হারমোনিয়াম বাজিয়ে গান করেন। লোকগান তাঁর পছন্দের।
তাহমিনারা তিন ভাই–বোন। তাঁদের মধ্যে তাহমিনা দ্বিতীয়। বড় ভাই নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছোট বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। ৫ শতাংশের বসতভিটা ছাড়া তাঁদের আর কোনো জমি নেই। বাড়িতেই বাবা আবদুল আহাদের মুদিদোকান।
তাহমিনার বাবা আবদুল আহাদ জানান, পাঁচ–ছয় বছর বয়সে তাহমিনা লেখাপড়া করার জেদ ধরেন। তাঁকে মৌলভীবাজার জেলা সদরের একটি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে নেওয়া হয়। তবে সেটি ছিল শুধু ছেলেদের বিদ্যালয়। সেখানে মেয়েদের ভর্তির সুযোগ ছিল না। ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের মাধ্যমে তাঁরা পরিচিত হন ‘গ্রিন ডিজঅ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে।
সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বিনা মূল্যে আবাসন ও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে। তাহমিনাকে সেখানে ভর্তি করা হয়। ব্রেইল পদ্ধতিতে তাঁর লেখাপড়া শুরু হয়।
তাহমিনার সাফল্য সবার জন্য অনুপ্রেরণার। দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁর মেধা ও স্বপ্ন আটকে রাখতে পারেনি। সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন।
প্রাথমিক শিক্ষা শেষে তাহমিনা সিলেটের রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে জিপিএ–৪.৪৭ পান। পরে সিলেটের মদন মোহন কলেজের মানবিক বিভাগে ভর্তি হন। ২০২৬ সালে শ্রুতলেখকের সহায়তায় এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেয়েছেন তিনি। কলেজের মানবিক বিভাগের ৫০০ পরীক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই জিপিএ–৫ পেয়েছেন। তাহমিনার লেখাপড়ার সব খরচ জিডিএফ বহন করে বলে জানান তাঁর বাবা আবদুল আহাদ।
জিডিএফের নির্বাহী পরিচালক বায়জিদ খান প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানে ৬ থেকে ৯ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ভর্তি করা হয়। তাদের লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্বও নেয় প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে, তারা বিভিন্ন শ্রেণিতে পড়ে।