দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না: ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। আজ শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষেছবি: প্রথম আলো

ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনু) ভূমি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলছেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে। জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিজানুর রহমান এ কথা বলেন।

প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে মিজানুর রহমান বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক (মিলন), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল)।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।