সীতাকুণ্ডের দুর্গম পাহাড় থেকে গলায় ছুরিকাঘাতে আহত শিশুকে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কফাইল ছবি

চট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে তাঁরা পাহাড় থেকে নামিয়ে এনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবর পেয়ে আজ বেলা দেড়টার দিকে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল হাসপাতাল এলাকায় গিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুটির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এ সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তাঁরা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির বাড়ি কুমিরা। সে কীভাবে এত সকালে ইকোপার্কের ভেতরে পাহাড়ের এত ওপরে গেল, তা জানার চেষ্টা করছেন তাঁরা। শিশুটির অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। দুপুরে কথা বলার অবস্থা ছিল না। তবে সে এখন কথা বলতে পারছে। মেয়েটি তার নাম আর ঠিকানাও বলেছে। আরেকটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।