দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ফারুকের লাশ ফেনীতে দাফন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী ওমর ফারুক ওরফে মানিক আজম সজলের (৪৩) লাশ দাফন করা হয়েছে। আজ সোমবার ফেনীর দাগনভূঁঞা উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এর আগে রোববার রাত দুইটার দিকে তাঁর লাশ ঢাকায় পৌঁছায়। আজ সোমবার সকালে লাশটি গ্রামের বাড়িতে আনা হয়। বেলা ১১টার দিকে দাগনভূঁঞা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশটি দাফন করা হয়।
২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের একটি এলাকায় নিজের দোকানের সামনেই সন্ত্রাসীদের গুলিতে ওমর ফারুক নিহত হন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, নিহত ওমর ফারুক দক্ষিণ আফ্রিকায় ১৮ বছর ধরে ব্যবসা করতেন। তিনি সেখানকার বাংলাদেশি কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক।
আফ্রিকায় বসবাসরত নিহত ওমর ফারুকের ছোট ভাই ফয়সাল সজীবের বরাত দিয়ে তাঁদের মা কহিনুর বেগম বলেন, ওই দেশে একজন বাংলাদেশি দোকান কর্মচারীর সঙ্গে ওমর ফারুকের দ্বন্দ্ব ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেন কমিউনিটির লোকজন। ওই কর্মচারীকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে ১০ হাজার টাকা কম দিয়ে বাকি টাকা দেন ফারুক। এর জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ওমর ফারুক আফ্রিকায় যাওয়ার পর সে দেশে বিয়ে করেছিলেন। তাঁর দুই বছরের একটি ছেলে আছে। তবে আফ্রিকান স্ত্রীর সঙ্গে ফারুকের অনেক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর আর তিনি বিয়ে করেননি।