চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গম চর এলাকা আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি গ্রাম থেকে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে লাদেন (৪৫)।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫–এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শফিকুল ইসলাম এলাকায় হেরোইন আমদানির গডফাদার হিসেবে পরিচিত।
তাঁর বাড়ি সীমান্তের দুর্গম এলাকায় হওয়ায় সেখানে তিনি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছেন। পোল্লাডাঙ্গা সীমান্ত দিয়ে হেরোইনের একটি বড় চালান নিয়ে আসার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়। সীমান্ত এলাকা হওয়ায় অভিযানে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতা নেওয়া হয়। নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে ছদ্মবেশে ওই এলাকায় অভিযান চালানো হয়। শফিকুল ইসলামের বাড়ির পেছনে বিশেষ কায়দায় রাখা ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় শফিকুলকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে।