ফরিদপুরে আমগাছের ডালে ঝুলে ছিল কৃষকের লাশ
ফরিদপুরের সালথা উপজেলায় গাছের ডালে ঝুলে ছিলে এক কৃষকের লাশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া গ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া কৃষকের নাম আফজাল মোল্লা ওরফে লাখু মোল্লা (৭৫)। তিনি ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া মৃত সমুজুদ্দিন মোল্লার ছেলে। আফজাল মোল্লা স্থানীয় ইউসুফদিয়া মোল্লাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনও ছিলেন।
আফজাল মোল্লার মেজো ছেলে কাইয়ূম মোল্লা বলেন, তাঁর বাবা নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সবার অজান্তে আফজাল মোল্লা তাঁর ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে বের হন। আজ সকালে বাড়ির পাশে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় নাইলনের রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।