হবিগঞ্জে মাছের মেলায় উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রোববার হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে
ছবি: প্রথম আলো

পইল গ্রামে ঢুকতেই মাইকের শব্দ ভেসে আসতে থাকে। গ্রামের সড়ক ধরে লোকজনকে ছুটতে দেখা যায়। হেঁটে, সাইকেলে, ভ্যান, অটোরিকশায় বা ব্যক্তিগত গাড়িতে করে ছোটা সবার গন্তব্য মাছের মেলায়।

পৌষসংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে আজ রোববার বিকেল থেকে বসেছে দিনব্যাপী এ মাছের মেলা। সন্ধ্যার পর থেকে মেলার পরিধি ও লোকজনের উপস্থিতি বাড়তে থাকে। মেলা ঘিরে বসে অন্যান্য দোকানপাটও। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই মেলায় দূরদূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে মেলায় এসেছেন মারুফ আহমেদ নামের এক চাকরিজীবী। তিনি প্রথম আলোকে বলেন, মেলায় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বেশিরভাগ পুকুরে চাষ করা মাছ। কয়েকটি দোকানে উঠেছে নদী ও সামুদ্রিক মাছ। তিনি একটি বোয়াল মাছ কিনেছেন ২ হাজার ৪০০ টাকায়।

মেলায় এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী মর্তুজ আলী। বাড়ি নবীগঞ্জ উপজেলার বড়চড় গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মেলায় বড় বড় মাছ ওঠে বলে শুনেছি। পছন্দের একটা মাছ নেওয়ার জন্য ঘুরে দেখছি। এ মেলার বয়স অনেক। এখন আমার বয়স ৫০। ছোটবেলায় আমি বাবার সঙ্গে এসেছি বেশ কয়েকবার। তাই এবার দেশে আসার পর মনে হলো, মেলায় ঘুরে আসি।’

মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোয় চোখে পড়ে বিভিন্ন ধরনের মাছ। দূরদূরান্ত থেকে মাছ বিক্রেতারা এসেছেন। তাঁদের দোকানে সাজানো বড় বড় আকারের মাছ। কোনো কোনোটির ওজন ২০ থেকে ৩০ কেজি। চাষের মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, পাঙাশ।

নদীর বাগাড়, গাঙ চিতলের পাশাপাশি উঠেছে সামুদ্রিক টুনা মাছও। ক্রেতাসমাগমও ব্যাপক। সবাই দরদাম করে মাছ কিনছিলেন। আকারভেদে প্রতি কেজি মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ১২০০ টাকা।

মাছের মেলায় ছিল ক্রেতা–বিক্রেতা ও দর্শণার্থীদের ভিড়
ছবি: প্রথম আলো

মেলা উপলক্ষে দেড় লাখ টাকার মাছ এনেছেন দিলদার মিয়া। তিনি বলেন, ‘ছোট বেলাত থিকি মাছ বিক্রি করি। মাছই আমার মূল ব্যবসা। মাছ লইয়াই জীবনের খেলা। ৩০ বছর ধরি ওই পইলের মাছের মেলা করি।’

মেলায় মাছ বিক্রির জন্য মৌলভীবাজারের শেরপুর থেকে এসেছেন সিরাজ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকে বাবার সঙ্গে মাছ বিক্রির জন্য আসতেন। এখন কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি ট্রাকে ভরে জ্যান্ত মাছ নিয়ে এসেছেন বিক্রির জন্য। প্রতিটি মাছের ওজন ১৬ থেকে ২০ কেজি।

পইলের ঐতিহ্যবাহী মাছের মেলায় হবিগঞ্জ সদর, বাহুবল, নবীগঞ্জ , লাখাই, চুনারুঘাট, মাধবপুর উপজেলাসহ আশপাশের ১০ থেকে ১২টি উপজেলার মানুষ আসেন।

পৌষসংক্রান্তিতে মেলা থেকে মাছ কিনে গ্রামের লোকজন তাঁদের জামাতা ও মেয়েকে দাওয়াত করেন। অন্য স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়।

পইলের মাছের মেলা উপলক্ষে বাবার বাড়ি এসেছেন দীপিকা রায়। তিনি প্রথম আলোকে বলেন, বাহুবল উপজেলায় তাঁর শ্বশুরবাড়ি। চাকরির সুবাদে বাইরে থাকেন। মেলা উপলক্ষে বেড়াতে এসেছে। মেলায় এসে খুব ভালো লাগছে।

দুই শতাধিক বিক্রেতা মাছের পসরা সাজিয়ে বসেছেন বলে জানিয়েছেন পইল হাটের ইজারাদার আজিজ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, এ মেলায় বেচাবিক্রি হয় প্রায় অর্ধকোটি টাকার মাছ।