কেরানীগঞ্জে থানার পাশে বাসে আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে ২০–২২ গজ দূরে পার্কিং অবস্থায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পোস্তগোলা থেকে আবদুল্লাহপুর রুটে চলাচলকারী এক অটোরিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলাম। থানার কাছাকাছি এসে দেখি একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। পরে আমি যাত্রী নিয়ে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে চলে আসি।’
ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশনমাস্টার মোহাম্মদ কাজল জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা সংবাদ পান, থানার কাছে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপণ গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।