হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ঠেকাল বিজিবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই চেষ্টা প্রতিহত করেন। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ সময় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও বিজিবিকে সহায়তা করেন।
আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপি এলাকায় ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার–সংলগ্ন সীমান্ত দিয়ে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে এ চেষ্টা চালানো হয়।
বিজিবি জানায়, দায়িত্বরত টহল দল অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে তাৎক্ষণিকভাবে পুশ ইনের চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহায়তা করেন।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে।