শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার, লুকিয়েছিলেন বিশেষ কায়দায়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আটক ভারতীয় নাগরিকছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে ৪২৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ দল তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

আটক যাত্রীর নাম তামিম আনসারী। তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই রুটে নিয়মিত যাতায়াত করেন এবং কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হচ্ছিল স্বর্ণ
ছবি: সংগৃহীত

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই যাত্রী। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে তল্লাশি করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে পেস্ট আকারে লুকিয়ে রাখা ৯টি সোনার টুকরা উদ্ধার করা হয়। এসব সোনার মোট ওজন ৪২৭ গ্রাম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা সোনার চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও বলেন, সোনা চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।