মির্জাপুরে আগুনে পুড়ে নিঃস্ব ছয়টি শ্রমিক পরিবার
রাতের খাবারের জন্য ভাত রান্না করেছিলেন রিনা বেগম। এরই মধ্যে আগুন লেগে সেই ভাত পুড়ে ছাই হয়ে গেছে। আরও পুড়েছে নগদ ৬০ হাজার টাকা, চৌকি, চেয়ার, রেফ্রিজারেটর, টেলিভিশনসহ সব আসবাব। আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই জমানো টাকা, শখের আসবাবসহ সব পুড়ে ছয়টি শ্রমিক পরিবার নিঃস্ব হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত আটটায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নাজিপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দক্ষিণপাড়া এলাকার আবদুল মজিদ সিকদারের ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। রিনা বেগমের স্বামী ফারুক মিয়া বলেন, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বাস করতেন। স্বামী-স্ত্রী দুজনই পাশের মণ্ডল স্পিনিং মিল নামের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। আগুনে পুড়ে তাঁর সব শেষ হয়ে গেছে।
গতকাল রাতে সরেজমিনে দেখা যায়, বাড়িটির টিনের বেড়া, চাল, দরজা-জানালা—সব পুড়ে গেছে। সেখানে কথা হয় ক্ষতিগ্রস্ত আলেছা বেগমের সঙ্গে। তিনি বলেন, ঘরে থাকা সব আসবাবই পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে পুড়েছে তাঁর জমানো ৫০ হাজার টাকা।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বাড়ির একটি মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাঁদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নিয়ে দ্রুত আগুন নেভান।
গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য আদিলুর রহমান খান বলেন, আগুনে ঘরের মালিক ও বসবাসরত শ্রমিকদের মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থলে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহানুভূতি জানান। দ্রুত ঘর নির্মাণের জন্য ১০ বান্ডিল ঢেউটিন অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।