গাজীপুরে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে পুলিশের বাধা, ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বাধার মুখে গণঅধিকার পরিষদের নেতা–কর্মীরা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। শুক্রবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

পুলিশের বাধার মুখে গাজীপুরে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করতে গেলে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

নেতা-কর্মীরা জানান, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে তিনটার দিকে গণ অধিকার পরিষদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জেলার শতাধিক নেতা-কর্মী পূর্বঘোষণা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা–পুলিশ বাধা দেয়। বিষয়টি নিয়ে পুলিশ ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে বেশ কিছু সময় বাগ্‌বিতণ্ডা হয়।

পুলিশের বাধার মুখে একপর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করেন। গণ অধিকার পরিষদের গাজীপুর শাখার আহ্বায়ক পাঠান আজাহার বলেন, ‘মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলি। তারই ধারাবাহিকতায় দেশে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভের আয়োজন করি। কিন্তু পুলিশ আমাদের ব্যানার–ফেস্টুন টেনে নিয়ে ছিঁড়ে ফেলে। পরে তাদের বাধার মুখে কর্মসূচি বাতিল করতে হয়েছে।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর ইসলাম বলেন, কিছু নেতা-কর্মী সেখানে জড়ো হয়েছিলেন। বিক্ষোভ বা সমাবেশ করার মতো কোনো অনুমতি না থাকায় তাঁদের সেখানে কর্মসূচি করতে দেওয়া হয়নি। যেকোনো কর্মসূচির জন্য আগে থেকে অনুমতি নিতে হবে।