গাজীপুর
বানার নদের ‘দুঃখ’ কচুরিপানা
নদটি শ্রীপুর থেকে কাপাসিয়া হয়ে শীতলক্ষ্যায় সংযুক্ত। কচুরিপানার কারণে নৌকা চালাতে পারছেন না খেয়া পারাপারের মাঝিরা।
বিপুল পরিমাণ কচুরিপানায় ঢাকা পড়ে গেছে গাজীপুরের বানার নদ। এতে বিপাকে পড়েছেন নদের পাড়ের মানুষেরা। প্রায় বন্ধ হয়ে গেছে নদ দিয়ে আঞ্চলিক পণ্য আনা-নেওয়ার কাজ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেখানকার জেলে ও খেয়া পারাপারের মাঝিরা। পানিতে নৌকা ভাসাতে না পেরে অনেকটা বেকার সময় কাটছে জেলেদের। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে চরম কষ্ট নিয়ে কচুরিপানার ভেতর দিয়ে খেয়া পারাপার করতে হচ্ছে মাঝিদের।
বানার নদটি শ্রীপুর থেকে কাপাসিয়া হয়ে শীতলক্ষ্যায় সংযুক্ত। গতকাল রোববার দুপুরে কচুরিপানায় ভোগান্তির চিত্র দেখতে বানার নদের শ্রীপুর উপজেলার বরমী ঘাট থেকে সড়কপথে উপজেলার বরামা, গোসিংগা এবং কাপাসিয়া উপজেলার নারায়ণপুর, দস্যু নারায়ণপুর, সাফাইশ্রী, তরগাঁও, উত্তর খামের গ্রাম হয়ে ইকুরিয়া পর্যন্ত পরিদর্শন করেন এই প্রতিবেদক। পুরো এলাকার নদীপথ কচুরিপানায় ছেয়ে আছে। যেতে যেতে অন্তত দশটি জেলের নৌকা দেখা যায়, কচুরিপানা অতিক্রম করতে প্রতিটি নৌকা তিনজন মিলে চালাচ্ছিলেন। তাঁরা নৌকাগুলো ঠেলে নিতে বড় বড় লগির সাহায্য নিচ্ছিলেন।
কচুরিপানার কারণে আমাদের পারাপার করতে চরম কষ্ট হচ্ছে। তিনজন মিলে নৌকা ঠেলে এপার থেকে ওপারে নিতে হচ্ছে।সুদাস চন্দ্র মনি দাস, মাঝি
কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী খেয়াঘাটের মাঝি মজিবুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, আগে সাফাইশ্রী ও তরগাঁও খেয়াঘাটে সাধারণত ৩৯টি নৌকা পারাপার করত। কচুরিপানার কারণে বর্তমানে মাত্র ছয় থেকে সাতটি নৌকা চলমান। অন্যরা তাঁদের নৌকা বাধ্য হয়ে ঘাটে বেঁধে রেখেছেন। একই ঘাটের মাঝি সুদাস চন্দ্র মনি দাস প্রথম আলোকে বলেন, ‘কচুরিপানার কারণে আমাদের পারাপার করতে চরম কষ্ট হচ্ছে। তিনজন মিলে নৌকা ঠেলে এপার থেকে ওপারে নিতে হচ্ছে।’
এ ছাড়া নদের দুই পাড়ে শত শত মাছ ধরার নৌকা পাশের খুঁটিতে বাঁধা অবস্থায় কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। সবগুলো খেয়াঘাটে মাঝিরা ইঞ্জিনচালিত নৌকা চালাতে হিমশিম খাচ্ছেন। ইঞ্জিনের পাশাপাশি অতিরিক্ত দুই-তিনজন সহকারীর সহযোগিতায় লগিতে ভর করে নৌকা এক পার থেকে অন্য পারে চলাচল করে। বেশ কয়েকটি খেয়াঘাটে পারাপারের নৌকাগুলোর বেশির ভাগই ফেলে রাখা হয়েছে।
কচুরিপানা সমস্যা নিয়ে নদ পাড়ের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই কচুরিপানার পরিমাণ বাড়ছে, সঙ্গে ভোগান্তিও বাড়ছে। বছরের মার্চ–এপ্রিল থেকে শুরু করে জুন ও জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত নদে কচুরিপানা জমে থাকে। এ সময়টুকুতে কচুরিপানায় জীবিকা আটকে যায় নদনির্ভর সব পেশার মানুষের। জীবনযাপনে জটিলতা নেমে আসে। ইঞ্জিন ছাড়া নৌকাগুলোকে একেবারে বসে থাকতে হয়। ইঞ্জিনচালিত নৌকায় পণ্য পরিবহনেও থাকে নানা জটিলতা। এই সময় নদে নৌকা চলাচল প্রায় থাকে না বললেই চলে।
স্থানীয় লোকজন জানান, গত পাঁচ-ছয় বছর ধরে কচুরিপানা অনেক বেশি বেড়েছে। শ্রীপুর উপজেলার গোসিংগা খেয়াঘাটের জেলে আমিনুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, কচুরিপানা আসতে শুরু করার পর মাছ ধরা একদম বন্ধ হয়ে গেছে। খেয়া পারাপার পর্যন্ত ব্যাহত হচ্ছে। এই ভোগান্তি দূর করার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাহাঙ্গীর আলম নামের আরেক জেলে বলেন, ‘গত এক মাস ধরে বানার নদে কচুরিপানার ভোগান্তি শুরু হয়েছে। প্রতিবছর এমন ভোগান্তি হয়। কচুরিপানার জন্য নদে মাছ শিকার করা বন্ধ। আমরা আমাদের নৌকা ঘাটে বেঁধে রেখেছি।’
এ বিষয়ে কথা হয় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর সঙ্গে। তাঁর ভাষ্য, কচুরিপানা বাংলাদেশের নদ-নদীগুলোর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিপুল পরিমাণ কচুরিপানার কারণে নদীর যোগাযোগব্যবস্থা ও মৎস্য সম্পদ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এমনকি নদীর ব্যবহার কমে যাওয়ায় নদীর জায়গা দখলের প্রবণতাও বাড়ে।
মনজুর আহমেদ বলেন, ‘আমরা কচুরিপানা নিধনে উন্নত দেশের কিছু প্রযুক্তি এনে পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা করেছি। এ বিষয়ে বাংলাদেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আমাদের কথা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পর কচুরিপানা নিধনে যুগোপযোগী পাইলট প্রকল্প গ্রহণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’