রাজশাহীতে অ্যাপে প্রতারণার মামলা একসঙ্গে তিন সংস্থাকে তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

অ্যাপে প্রতারণার একটি মামলা সম্মিলিতভাবে তদন্ত করতে তিন সংস্থাকে নির্দেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। রোববার জেলা জজ আদালতের আইনজীবী জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

আদালত রাজপাড়া থানা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একজন করে উপপরিদর্শক (এসআই) কিংবা তদূর্ধ্ব সাইবার বিষয়ে চৌকস কর্মকর্তার সমন্বয়ে যৌথভাবে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। সব আসামিই অজ্ঞাতনামা। তবে আরজিতে কয়েকজনের নাম উঠে এসেছে। এতে বলা হয়েছে, রাজশাহীতে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এমটিএফই নামের একটি অ্যাপ। এই অ্যাপে টাকা বিনিয়োগ করলে দ্রুত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মানুষের কাছে প্রচার করছেন কিছু যুবক। এমটিএফই অ্যাপ অফিস নিয়ে বসেছে নগরের লক্ষ্মীপুর এলাকায়। এটি পরিচালনা করেন রাজপাড়া থানা এলাকার সবুজ নামের এক যুবক। তাঁর কথায় অ্যাপের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন অনেকেই।

এমটিএফই অ্যাপের প্রচারকারী আরেক যুবকের নাম রুবেল। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলায়। তিনি রাজশাহী সাহেব বাজার আরডিএ মার্কেটের এক দোকানের কর্মচারী। তিনি রাজশাহীসহ দুর্গাপুরের শতাধিক মানুষকে এমটিএফই অ্যাপে টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করছেন। অ্যাপে টাকা বিনিয়োগ করলে প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা লাভ হবে বলে তাঁদের প্রলোভন দেখানো হচ্ছে। তবে অ্যাপ বন্ধ হয়ে গেলে দায়ভার কেউ নেবেন না বলেএ জানাচ্ছেন।

মামলার আরজিতে আরও বলা হয়েছে, সম্প্রতি রাজশাহীর ডাশমাড়ি এলাকার সবুজ, লিটন, এখলাসসহ কিছু যুবক আলটিমা উইলেট নামের একটি অ্যাপে ২০ লাখ টাকার মতো বিনিয়োগ করেন এলাকার মুনায়েম নামের এক বন্ধুর কথায়। দুই-একবার ১০ থেকে ২০ হাজার টাকা পেয়েছেন তাঁরা। হঠাৎ অ্যাপটি বন্ধ হয়ে যায়। এ নিয়ে বোয়ালিয়া থানায় গত ২৬ জুন সবুজ আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই অ্যাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করে।

মামলার বিষয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো এ রকম কোনো আদেশ পাননি। হয়তো সন্ধ্যার পর পেয়ে যাবেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, রোববার দিনের মধ্যেই তাঁরা আদেশ পেয়ে যাবেন। মামলাটি বেলা আড়াইটার দিকে করা হয়েছে। এ জন্য দেরি হয়েছে। আদালত থেকে তিন সংস্থার কার্যালয়ে আদেশ পাঠানো হয়েছে।

এর আগেও রাজশাহীতে ইমুভি প্ল্যান অ্যাপ নামের একটি অ্যাপে মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হন। রাজশাহী নগরীর শিরোইলে কার্যালয় খুলে বসেন মানিক নামের এক যুবক। ওই অ্যাপে গোদাগাড়ীর প্রেমতলী এলাকার শতাধিক মানুষ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হন। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।