রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহত নারীর ছেলে মো. সুমনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের ও মাদকাসক্ত। গতকাল রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান সুমন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহত নারীর লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং মায়ের লাশটি উদ্ধার করে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।