চরমোনাইয়ের মাহফিলে এনসিপির প্রতিনিধিদল, রেজাউল করীমের সঙ্গে মতবিনিময়
মাহফিলে অংশ নিতে বরিশালে চরমোনাই দরবারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে দলটি সেখানে পৌঁছায়।
এর আগে বুধবার জোহরের নামাজের পর তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আজ ভোরে ফজর নামাজের পর বয়ান করেন রেজাউল করীম। বয়ান শেষে এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে সংক্ষিপ্ত ও ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি উভয় পক্ষ সমসাময়িক রাজনীতি, সদ্য অনুষ্ঠিত নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
সভায় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১–দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে এনসিপির নেতারা জামায়াতের ভূমিকা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন। এ বিষয়ে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম তাঁদের সঙ্গে একমত পোষণ করে বলেন, এর বাইরে আরও কিছু বিষয় আছে , যা প্রকাশ্যে জানাতে চান না।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, এনসিপি নেতাদের সঙ্গে আমিরের আলোচনা ছিল স্বল্প সময়ের জন্য। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনীতি, জোট ও নির্বাচন প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এনসিপি নেতাদের আজ সারা দিন চরমোনাইয়ে অবস্থান করার কথা রয়েছে।