ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে তীব্র যানজট। আজ শনিবার সকাল আটটার দিকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জেছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে মারা গেছেন এক রোগী। তাঁর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।

রোগীর স্বজন তারেক আল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে স্বজনেরা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তাঁরা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।

চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের একাধিক যাত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে তাঁরা যানজটে আটকা পড়েন। সেখান থেকে আজ সকাল আটটার দিকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছান।

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে
ছবি: প্রথম আলো

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসের চালক রিপন মিয়া (৫৫) বলেন, ঢাকা-চট্টগ্রাম অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক। তাই এ মহাসড়কের দিকে প্রশাসনের সার্বক্ষণিক নজর রাখা উচিত। প্রচণ্ড গরমে নারী-শিশু-বৃদ্ধরা বাসে বসে শুধু ছটফট করেন।

সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানান মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম। তিনি জানান, যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।