দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে বহাল তবিয়তে সরকার: শহীদ উদ্দিন চৌধুরী

নতুন কর্মসূচির বিষয়ে জানাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকার ভোটে নির্বাচিত নয়। তারা দিনের ভোট রাতে করেছে। তারপরও তারা দেশ পরিচালনা করছে। অত্যাচার-নির্যাতনের মাধ্যমে লুটপাট করে দেশের সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে ক্ষমতায় বহাল তবিয়তে আছে।

আজ শুক্রবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী। কেন্দ্রীয় পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জেলা বিএনপির আহ্বায়ক পদেও আছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন দেশের মানুষের আন্দোলন। জনগণের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলন। জনগণকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে আন্দোলন বেগবান করাই আমাদের লক্ষ্য। জনগণের আন্দোলন সরকার মেনে নেবে, তা আমরা আশা করি।’

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক বছর হামলা, মামলার কথা উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার আমাদের নতুন কর্মসূচি লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়নে একযোগে শুরু হবে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে মাঠে নেমেছে। এ আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ শান্তিপূর্ণ আন্দোলনে যেন আওয়ামী লীগ হামলা না করতে পারে, সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।