সুবর্ণচরে ট্রাক্টর উল্টে খামারি নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মুরগির খাদ্য বহনকারী ট্রাক্টর উল্টে এক খামারি নিহত হয়েছেন। তাঁর নাম মো. রহিম উল্লাহ (২৫)। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ মোহাম্মদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মো. শফিউল্লাহর ছেলে। তিনি করিম বাজার এলাকায় মুরগির খামারের মালিক।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আফছার দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সোমবার বেলা সোয়া একটার দিকে রহিম উল্লাহ তাঁদের খামারের মুরগির খাবারবোঝাই ট্রাক্টরে চড়ে খামারের দিকে যাচ্ছিলেন। ট্রাক্টরটি স্থানীয় করিম বাজারের পূর্ব পাশে গেলে সড়কের মোড় ঘোরার সময় চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা রহিম উল্লাহ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যান।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার বিষয়টি থানায় কেউ জানায়নি। তিনি এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।