চুয়াডাঙ্গায় নারীকে কুপিয়ে জখম, ধারালো অস্ত্রসহ সাবেক স্বামী আটক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নাজমিন খাতুন (২৬) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মাঠপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাজমিনের সাবেক স্বামী মো. বাবু খাঁকে (২৯) গতকাল রাতেই ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
আটক বাবু খাঁ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আদর্শপাড়ার মো. জলিল খাঁর ছেলে। এদিকে নাজমিনের বাড়ি জীবননগর উপজেলার মিনাজপুর এলাকায়। মুমূর্ষু অবস্থায় নাজমিনকে গতকাল রাতে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমিন খাতুনের সঙ্গে প্রায় ১১ বছর আগে বাবু খাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আট বছর বয়সী মেয়েসন্তান আছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় তিন মাস আগে নাজমিন তাঁর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। এরপরই নাজমিন তাঁর স্বামীকে তালাক দেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবু খাঁ মিনাজপুরে নাজমিনের বাড়িতে আসেন। নাজমিনের বাবা জানান, তিন মাস আগেই তাঁকে (বাবু খাঁ) নাজমিন তালাক দিয়েছেন। এ সময় নাজমিন ও তাঁর বাবার সঙ্গে বাবু খাঁ বাগ্বিতণ্ডায় জড়ান। দীর্ঘসময় ধরে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি চলে। একপর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে বাবু ক্ষিপ্ত হয়ে ওই বাড়িতেই ধারালো দা দিয়ে নাজমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় নাজমিনের পরিবারের সদস্যরা বাবু খাঁকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে নাজমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠান। আজ শুক্রবার সকাল পর্যন্ত নাজমিন যশোরে চিকিৎসাধীন ছিলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে নাজমিনের সাবেক স্বামী বাবু খাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’