মনপুরায় লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

মনপুরা রেঞ্জের অধীন দক্ষিণ সাকুচিয়া বাত্তির খাল এলাকায় হরিণটি আটকা পড়েছবি : সংগৃহীত

ভোলার মনপুরায় লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে হরিণটি উদ্ধার করা হয় এবং বিকেলে সেটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মনপুরা রেঞ্জের অধীন দক্ষিণ সাকুচিয়া বাত্তির খাল এলাকায় হরিণটি আটকা পড়ে। খবর পেয়ে পচা কোড়ালিয়া বিটের বনরক্ষীরা ঘটনাস্থলে যান। এর আগে স্থানীয় কয়েকজন নদীর পাড়ে ঘুরতে গিয়ে জিও ব্যাগের সঙ্গে আটকে থাকা হরিণটিকে দেখতে পান। তারা হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীদের খবর দেন।

বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি হেফাজতে নেন। প্রাথমিকভাবে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষায় হরিণটিকে সুস্থ পাওয়া যায়। কোনো ধরনের আঘাত বা অসুস্থতার লক্ষণ ছিল না। বিকেলে পচা কোড়ালিয়া–সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে হরিণটি অবমুক্ত করা হয়।

পচা কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করি। পরে সেটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।’

বন বিভাগের মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল ইসলাম বলেন, সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তাঁরা বন্য প্রাণী দেখলে ক্ষতি না করে বন বিভাগকে খবর দেন। এটি অত্যন্ত ইতিবাচক দিক। মানুষের এমন সহযোগিতা অব্যাহত থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।