সিলেটে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে করা মামলায় সিলেটের জৈন্তাপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইউপি সদস্যের নাম মো. ফখরুল ইসলাম। গতকাল শুক্রবার সকালে তাঁকে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। পরে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে ওই নারীর ভাই থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই নারীকে রেখে তাঁর স্বামী অন্যত্র চলে গেছেন। তিনি ১০–১২ বছরের ছেলে নিয়ে ভূমিহীনদের জন্য বরাদ্দ ঘরে থাকেন। গতকাল সকালে তিনি ওই ঘরের পাশে এক নবজাতককে মাটিচাপা দেওয়ার সময় আশপাশের লোকজন দেখে ফেলেন। তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মাটিচাপা দেওয়া নবজাতক উদ্ধার করে।

পুলিশ বলছে, ওই নারী পুলিশকে বলেন যে ইউপি সদস্য ফখরুল ইসলাম তাঁকে ধর্ষণ করেছেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গতকাল সকালে তিনি এক নবজাতকের জন্ম দেন। এরপর ওই নবজাতককে গলা টিপে হত্যা করেন ইউপি সদস্য ফখরুল ইসলাম। ওই নারী নিজে নবজাতককে মাটিচাপা দেওয়ার সময় এক বাসিন্দা দেখে ফেলেন। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ইউপি সদস্য ফখরুল ইসলাম ছাড়াও দুজন ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। তাঁদেরও মামলার আসামি করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম দস্তগীর আহমদ ইউপি সদস্যকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ইউপি সদস্যকে আজ আদালতে পাঠানো হয়।