সিলেটের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচা মরিচ
প্রথম আলোর ফাইল ছবি

সিলেটের বাজারে দুই দিন ধরে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে কেজিতে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে কাঁচা মরিচ। হঠাৎই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

সিলেটের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের দাম বাড়ছে। এর মধ্যে গত দুই দিনে খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৫০ টাকায়। ১০ দিন আগেও ১২০ থেকে ১৫০ টাকায় কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছিল। এরপর দাম বাড়তে শুরু করে। এ কারণে ক্রেতারা কাঁচা মরিচ কেনা কমিয়ে দিয়েছেন। আগে যেখানে ক্রেতারা কেজি পরিমাণে কিনতেন, সেখানে ৫০০ গ্রাম কিংবা ২৫০ গ্রাম কিনছেন এখন। এ ছাড়া ভাসমান সবজির ব্যবসায়ীরা ১০০ গ্রাম ও ৫০ গ্রাম করেও কাঁচা মরিচ বিক্রি করছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের জল্লারপাড় এলাকায় ভাসমান সবজি ব্যবসায়ী কয়েছ মিয়া বলেন, পাইকারি বাজার থেকে এনে তাঁরা বিভিন্ন পাড়া–মহল্লা ও ফুটপাতে সবজি বিক্রি করেন। দুই দিন ধরে কাঁচা মরিচের কেজি তিনি ৪৫০ টাকায় বিক্রি করছেন। এতে আগে ক্রেতারা আধা কেজি পরিমাণে কিনলেও এখন ১০০ গ্রাম আবার কেউ ৫০ গ্রামও কিনছেন।

নগরের বন্দরবাজার এলাকার ব্যবসায়ী তৈয়বুর রহমান বলেন, যেভাবে দাম বাড়ছে, মনে হয় দু–এক দিনের মধ্যে কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা ছুঁয়ে ফেলবে। পাইকারি বাজারে দাম বাড়ায় তাঁদেরও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি।

বাজারে কাঁচা মরিচ কিনতে গিয়ে দাম শুনে হতভম্ব হয়েছেন জানিয়ে ভাতালিয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, এক সপ্তাহ আগেও এক কেজি কাঁচা মরিচ তিনি নিয়ে গেছেন ১৫০ টাকায়। কিন্তু এখন হঠাৎ অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় আধা কেজি পরিমাণে কিনছেন তিনি। তিনি বলেন, মনে হচ্ছে, কোরবানির বাজারকে টার্গেট করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছেন। প্রতিবছর রোজার ঈদে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম বাড়ে। কিন্তু এবার বেড়েছে কোরবানির ঈদে।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ সিলেটে চাষাবাদ হয় না। এখানকার বাজারে যে কাঁচা মরিচ পাওয়া যায়, সবই সিলেটের বাইরে থেকে আড়তে নিয়ে আসা হয়। বেশির ভাগ মরিচ আসে বগুড়া থেকে। বর্তমানে সেখানে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সিলেটের বাজারে।