জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা

মুস্তাফিজুর রহমানছবি: সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা। তাঁর নাম মুস্তাফিজুর রহমান (মিলন)। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গতকাল সোমবার রাতে তাঁকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গতকাল রাত সাতটার দিকে মুস্তাফিজুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন।

আগের দিন মুস্তাফিজুর রহমান জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’

সবশেষ পোস্টের তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এতে কিছু যায় আসে না। তবে বহিষ্কারে আমার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। সাংগঠনিক নাম মিলন পারভেজ।’