ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মধ্যে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আজ শুক্রবার পর্যন্ত প্রায় ৮০০ কারাবন্দীর চোখ উঠেছে। তবে এর মধ্যে প্রায় ৪০০ বন্দী সুস্থ হয়ে গেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ৯ হাজার বন্দী রয়েছেন। ১৫ থেকে ২০ দিন ধরে বন্দীদের পাশাপাশি কারা কর্মকর্তা, কারারক্ষীসহ অনেকেই এ রোগে আক্রান্ত হয়েছেন। চোখ ওঠার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আক্রান্ত বন্দীদের চিংড়ি, ইলিশ ও গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছে কারাগারে দায়িত্বরত চিকিৎসকেরা। এ ছাড়া বন্দীদের কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার ব্যাপারেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।
আজ সকালে কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে আসেন সালেহা বানু। এ সময় তিনি বলেন, লালবাগ থানায় একটি মাদক মামলায় তাঁর ছেলে চার মাস ধরে কারাগারে বন্দী আছেন। ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দেখেন, তাঁর চোখ উঠেছে। কারা হাসপাতাল থেকে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরেক বন্দীর স্বজন কামাল হোসেন বলেন, ‘আমার ভাই বছরখানেক ধরে কারাগারে আছেন। আজ এসে দেখি, ভাইয়ের চোখ ফোলা ও লাল বর্ণ হয়ে আছে। কারাগারে আরও অনেকেরই চোখ উঠেছে বলে ভাইয়ের কাছ থেকে শুনেছি। আমি ভাইকে নিয়মিত ওষুধ ব্যবহার ও চোখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছি।’
ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালের চিকিৎসক মাহমুদুল রহমান বলেন, গত ৩ সপ্তাহে কারাগারে প্রায় ৮০০ বন্দী চোখ ওঠা রোগে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই অনেকে সুস্থ হয়ে গেছেন। আক্রান্ত ব্যক্তিদের জন্য কারা হাসপাতাল থেকে ড্রপসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চোখ ওঠার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আক্রান্ত বন্দীদের চিংড়ি, ইলিশ ও গরুর মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবদুস সেলিম বলেন, কারাগারে বন্দীদের মধ্যে চোখ ওঠা রোগ হঠাৎ বেড়ে গিয়েছিল। তবে এখন সেটা নিয়ন্ত্রণে আছে। আক্রান্ত বন্দী ও কারারক্ষীদের কারা হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিগগিরই চোখ ওঠা রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন তিনি।