মানিকগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে সাইজুদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এই রায় দেন।
সাজাপ্রাপ্ত সাইজুদ্দিন মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিদেশ যান সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম। ২০০৯ সালে ছুটিতে দেশে এসে পুনরায় বিদেশ যেতে চাইলে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। এরই জেরে ওই বছরের ২৮ মে রাতে স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন সাইজুদ্দিন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ২০০৯ সালের ২৯ মে রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম তাঁর সৎবাবা সাইজুদ্দিন মিয়াসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর ২০০৯ সালের ৩ জুলাই সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন বাশার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাকিদের এই মামলায় সংশ্লিষ্টতা না থাকায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন শিপ্রা রানি সরকার।