কুমিল্লায় মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়িতে বউ আনলেন প্রবাসী যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে করে বাড়িতে বউ নিয়ে ফিরেন প্রবাসী শাহজালাল। এ সময় হেলিকপ্টার দেখতে স্থানীয়রা ভিড় জমান। বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোর-কানুন ইউনিয়নের রসুলপুর গ্রামে
ছবি: সংগৃহীত

মায়ের ইচ্ছা ছিল তাঁর প্রবাসী ছেলে হেলিকপ্টারে করে বাড়িতে বউ আনবেন, তাই করলেন ছেলে। দুই ঘণ্টার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়ায় এনে তাতে চড়ে বর সেজে উড়ে গেলেন কনের বাড়িতে, ফিরলেন বউ নিয়ে।

গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর ওই গ্রামেরই সৌদিপ্রবাসী ফয়েজুর রহমান ও পারুল আক্তার দম্পতির ছেলে মো. শাহজালাল (২৫)। তিনি নিজেও সৌদিপ্রবাসী। বিয়ে করেছেন পাশের চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাহাপুর গ্রামে।

শাহজালাল বলেন, ‘আমার মা ছোটবেলায় কইছে “তুই বড় হইলে হেলিকপ্টারে করে বর হয়ে যাবি। তোর বউকে হেলিকপ্টারে করে বাড়ি আনব”। উপজেলা ও ইউনিয়ন ভিন্ন হলেও খুব কাছাকাছি দুই গ্রাম। মায়ের ইচ্ছা পূরণ করেছি, এতেই আমার শান্তি।’
হেলিকপ্টারে চড়ে বউ আনায় খুশি শাহজালালের মা পারুল আক্তার। তিনি বলেন, ‘ছেলে রোজগার করছে, বিদেশে থাকে। আমার ইচ্ছা ছিল, ওকে হেলিকপ্টারে করে বর হিসেবে পাঠাব। সেই ইচ্ছা পূরণ হলো।’

শাহজালালের বিয়ে এলাকায় আলোড়ন তুলেছে। কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত উল্লাহ বলেন, বর-কনে পাশাপাশি ইউনিয়নের। তাঁদের এমন বিয়েতে এলাকার লোকজন মজা পেয়েছে।