কুষ্টিয়ার কুমারখালী
অবৈধ পশুহাট, সড়কে যানজট
রেলের জমিতে কৃষিকাজের পরিবর্তে পশুহাট বসানোর জন্য গত ১৩ সেপ্টেম্বর আলাউদ্দিননগর অস্থায়ী পশুহাট বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।
প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিননগর অস্থায়ী পশুহাট। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে একাংশজুড়ে গতকাল বুধবার দিনব্যাপী চলে এই হাট। রসিদ দিয়ে ৫০ থেকে ১০০ টাকা করে খাজনা আদায় করে হাট কর্তৃপক্ষ।
এদিকে, হাটে পশু আনা-নেওয়ায় ইঞ্জিনচালিত অবৈধ নছিমন-করিমনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশেই চলছে এই অবৈধ অস্থায়ী পশুহাট। তবে গতকালের হাটের বিষয়ে কিছুই জানে না উপজেলা প্রশাসন।
বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিন দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিননগর এলাকার ফাঁকা মাঠে বসেছে গরুর হাট। পশু আনা–নেওয়ার পরিবহনগুলো রাখা হয়েছে সড়কের উত্তর পাশের একাংশজুড়ে। এতে সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ।
হাটের ভেতরে গিয়ে দেখা গেছে, অস্থায়ী পশুহাটে রসিদ প্রদানের মাধ্যমে চলছে বেচাকেনা। প্রতিটি পশুতে ৫০ থেকে ১০০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২০ বছর ধরে রেলওয়ের প্রায় এক একর জমি কৃষিকাজে ব্যবহারের কথা বলে চলছে আলাউদ্দিননগর পশুহাট। গত বছর ঐতিহ্যবাহী এ হাট প্রায় ৮০ লাখ টাকায় ইজারা হয়। কিন্তু রেলের জমিতে কৃষিকাজের পরিবর্তে পশুহাট বসানোর জন্য গত ১৩ সেপ্টেম্বর হাটটি বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। ৩ অক্টোবর ইউপির চেয়ারম্যানের মাধ্যমে নতুন স্থানে হাট বসানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়।
প্রশাসন হাটের অনুমতি না দিলেও গতকাল দিনব্যাপী চলে এই পশুহাট। বেচাকেনার রসিদ প্রদানের মাধ্যমে খাজনা আদায় করা হয়েছে। এদিন পাঁচ শতাধিক পশু কেনাবেচা হয়েছে। এর আগে ৫ অক্টোবরও হাট বসেছিল। সেদিন বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা গিয়ে হাট বন্ধ করে দেয়।
এ বিষয়ে হাটের খাজনা আদায়কারী নাজমুল বলেন, ‘চেয়ারম্যান সাহেবের নির্দেশেই হাট চালানো হচ্ছে। চেয়ারম্যান সাহেব ভেতরে আছেন। পরিচালনাকারীদের খাওয়ার খরচ মেটানোর জন্য নামমাত্র খাজনা নেওয়া হচ্ছে। কেউ ৫০ টাকা দিচ্ছেন, কেউ ১০০ টাকা দিচ্ছেন।’
নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, ‘৪৬ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। ১০০ টাকা খাজনা দিয়ে রসিদ নিয়েছি।’
পথচারী আয়নাল হোসেন বলেন, সড়কের অর্ধেক অংশজুড়ে রাখা হয়েছে হাটে পশু আনা–নেওয়ায় ব্যবহৃত যানবাহন। এতে যানজট হচ্ছে। চলাচল করতে ভোগান্তি হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সড়কের ওপর থেকে যানবাহনগুলো সরানো দরকার।’
আলাউদ্দিননগর সাপ্তাহিক পশুহাটের সভাপতি হামিনুর রহমান বলেন, ‘হাটের এখনো অনুমতি পাইনি। হাট বসেছে, বেচাকেনাও হয়েছে। কিন্তু খাজনা নেওয়া হয়নি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। আশা করছি অল্প দিনের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’
হাটের ভেতরে নন্দলালপুর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমানকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তিনি সেখান থেকে চলে যান। এ বিষয়ে জানতে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।