ভাঙা সড়কে যত ভোগান্তি 

দুই ওয়ার্ডেই আবর্জনা যত্রতত্রভাবে ফেলা হচ্ছে। সড়ক ও নর্দমাও নিয়মিত পরিষ্কার করা হয় না। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের চারাদীঘির পাড় এলাকার নর্দমা ও সড়কে পড়ে আছে আবর্জনা। গতকাল সকাল নয়টায়
ছবি: প্রথম আলো

সিলেট নগরের চালিবন্দর পূর্ব এলাকার ভৈরবতলা মহল্লার অভ্যন্তরের সড়কের পিচঢালাই উঠে মাটি বের হয়ে আছে। অন্যদিকে ধোপাদীঘির পূর্ব পাড় এলাকা দিয়ে নাইওরপুল-জেল রোডগামী সড়কের একটি কালভার্ট প্রায় ছয় মাস আগে নির্মাণ করা হয়। কিন্তু সংযোগস্থল মেরামত করা হয়নি। কোনোমতে ইট–সুরকি ফেলে রাখা হয়েছে। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। 

এ দুই এলাকা সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। ওয়ার্ডের অন্য এলাকাগুলো হলো জিন্দাবাজার পুরান লেন, বারুতখানা জেলরোড, লালবাজার, চন্দনীটুলা, মিরাবাজার, সোবহানীঘাট, যতরপুর নাইওরপুল। 

চালিবন্দর এলাকার বাসিন্দা মলয় ধর বলেন, এলাকার ভৈরবতলা হয়ে সোবহানীঘাট আসা যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। সেটি মেরামত করা হয়নি। এ ছাড়া রাতে সবজি বাজারের পেছনে ভৈরবতলায় বহিরাগতদের আড্ডা বসে। সেখানে একটি টিনের বেড়াঘেরা একটি স্থানে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে ফেলা রাখা হয়। এতে পরিবেশ নষ্ট হচ্ছে।

ছয়ফুল আমিন ও আব্দুল মুহিত

জিন্দাবাজার পুরান লেন এলাকার বাসিন্দা মারুফ হোসেন বলেন, এলাকায় মশার যন্ত্রণা বেশি। মহল্লার অভ্যন্তরে একটি নর্দমা রয়েছে, সেটি নিয়মিত পরিচ্ছন্ন করা হয় না। এতে মশার উপদ্রব বেড়েছে। বেশ কিছুদিন আগে একবার মশার ওষুধ ছিটানো হলেও সেটি কাজে আসেনি। 

ওয়ার্ডের আরও ছয়জন বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সোবহানীঘাট এলাকায় প্রতিবছরই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হয়। এর জন্য স্থায়ী একটি সমাধান প্রয়োজন। রয়েছে খাবার পানির সংকট। অথচ কাউন্সিলর বছরের অনেকটা সময় দেশের বাইরে থাকেন। প্রয়োজনে তাঁকে পাওয়া যায় না। 

ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুজিবুর রহমান বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের পানি নিয়ে সমস্যা হচ্ছে। নিয়মিত পানি পাওয়া যায় না। এ ছাড়া রাস্তাঘাটের সমস্যাও রয়েছে। তিনি নির্বাচিত হলে এসব সমস্যা দূর করার পাশাপাশি ধোপাদীঘির পাড় এলাকার মসজিদটি পুনর্নির্মাণের কাজ করবেন।

১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বলেন, চালিবন্দর ভৈরবতলা এলাকার সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ধোপাদিঘীর পাড় এলাকার সড়কের কাজ শিগগিরই শেষ করা হবে। মশার উপদ্রব পুরো সিলেট জুড়েই। বিশেষ করে তাঁর ওয়ার্ডে বেশি, এ রকম নয়। মশার ওষুধ ছিটানো হয়ে থাকে। সোবহানীঘাট এলাকার ছড়ায় মানুষজন আবর্জনা ফেলে রাখেন। এতে পানি চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। 

প্রবাসে থাকা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন। তাই বছরে দুই মাস তিনি বাইরে থাকেন। বেশির ভাগ সময় এলাকাতেই থাকেন।

নর্দমায় জমে থাকে আবর্জনা

সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের অধীনে এলাকাগুলো হচ্ছে- হাওয়াপাড়া, তাঁতীপাড়া, খন্দকারটুলা, নয়াসড়ক, চারাদীঘির পাড়, মজলিশ আমিন, কুমারপাড়া পাশ্চিম, সওদাগরটুলা, খন্দাউড়া, ধোপাদীঘির উত্তর পাড়, নাইওরপুল ও খ্রিষ্টান টিলা। 

চারাদীঘির পাড় এলাকায় দেখা যায়, মহল্লার অভ্যন্তরের একটি উন্মুক্ত নর্দমায় আবর্জনার স্তূপ। পলিথিনের ব্যাগ থেকে শুরু করে বাসাবাড়ির আবর্জনা ভাসছে সে নর্দমায়। নর্দমার পানিতে সেগুলো মিশে কালো রং ধারণ করেছে। এ ছাড়া নয়াসড়ক এলাকার মিশনের গলির অভ্যন্তরের সড়কটিতে নর্দমা নির্মাণ করা হলেও সড়কটি মেরামত করা হয়নি। ইট-খোয়া ফেলে রাখা হয়েছে। 

নয়াসড়ক এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, মিশনের গলির অভ্যন্তরের সড়কটির নর্দমা প্রায় ৮ মাস আগে নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কটি আর নির্মাণ করা হয়নি। বৃষ্টির দিনে সড়ক দিয়ে চলাচল করা দায়।

সওদাগরটুলা এলাকার বাসিন্দা তায়েফ আহমদ বলেন, আবর্জনা যত্রতত্রভাবে ফেলা হচ্ছে। এলাকার একটি মাঠ রয়েছে, সেখানেও আবর্জনা ফেলা হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি স্থান দেওয়া হলে সেখানে বাসিন্দারা আবর্জনা ফেলতে পারতেন। 

ওয়ার্ডে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন আবদুল মুহিত জাবেদ। তিনি বলেন, কিছু কাজ চলছে। সিটি করপোরেশনের গাড়ি দিয়ে নিয়মিত পরিচ্ছন্ন করার কাজ করা হয়। তবে অনেকেই যত্রতত্রভাবে ময়লা–আবর্জনা ফেলছেন। বিষয়টি সচেতনতার অভাবে হয়েছে। আর হাওয়াপাড়া এলাকাটি কিছুটা নিচু। এ জন্য ভারী বর্ষণ হলে জলাবদ্ধতা দেখা দেয়। তবে নর্দমা ও খালের সংস্কারকাজ করায় আগের থেকে জলাবদ্ধতা কমেছে। আগে যেখানে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত পানি জমে থাকত। এখন পানি আধা ঘণ্টার মধ্যে নেমে যাচ্ছে।