মোটরসাইকেল আরোহীর অচেতন দেহ পড়ে ছিল উড়ালসড়কে, হাসপাতালে মৃত ঘোষণা
চট্টগ্রাম নগরের মুরাদপুর উড়ালসড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মোহাম্মদ ফরিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুরাদপুর উড়ালসড়কের ২ নম্বর গেট অংশ থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফরিদ বায়েজিদ এলাকার বাসিন্দা। গতকাল মুরাদপুর উড়ালসড়কে তাঁর অচেতন দেহ পড়ে ছিল। এ সময় ফুডপ্যান্ডার পোশাক পরিহিত ছিলেন তিনি। তাঁকে সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের একজন ইয়াহিয়া হান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তিকে উড়ালসড়কে পড়ে থাকতে দেখি। শুনেছি প্রায় ২০ মিনিট ধরে তিনি পড়ে ছিলেন। আমরা তাঁকে দেখেই হাসপাতালে নিয়ে যাই।’
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি বায়েজিদ এলাকার বাসিন্দা। তিনি ফুডপ্যান্ডায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জেনেছি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’