সীতাকুণ্ডে গভীর রাতে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা, পুলিশ বলছে অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বানুরবাজার এলাকায় একটি গ্যারেজে মেরামতের জন্য আনা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ট্রাকমালিক। কিন্তু পুলিশের দাবি, মেরামত করতে আসা ট্রাকটিতে অজ্ঞাত কারণে আগুন লেগেছে।
গতকাল বৃহস্পতিবার ছিল বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিন। ট্রাকমালিকের ধারণা রাজনৈতিক অস্থিরতার কারণেই আগুন লাগানো হয়েছে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ট্রাকটির মালিক জামাল উদ্দিন সওদাগর প্রথম আলোকে বলেন, তার বেডফোর্ড ট্রাকটির সেল্ফ স্টার্টিংয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। গতকাল রাত সাড়ে ৯টার দিকে সেই ত্রুটি মেরামতের জন্য বানুবাজার এলাকায় শাহজাহান মিস্ত্রির গ্যারেজের সামনে রাখেন। গ্যারেজ মিস্ত্রি সকালে ত্রুটি মেরামত করার কথা ছিল। রাত ১১টার দিকে তাঁরা বাড়ি চলে যান। ভোর সাড়ে চারটার দিকে শুনতে পান তাঁর গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ট্রাকে আগুন জ্বলছে। পরে তাঁরা এসে সবাই মিলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ট্রাকের সামনের কেবিনের সব কিছু পুড়ে গেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ট্রাকটিতে আগুন লাগার বিষয়টি ট্রাকের মালিক জানতে পারেন বাজারের নৈশপ্রহরীর মাধ্যমে। ওই নৈশপ্রহরী তাঁকে জানিয়েছেন অজ্ঞাত কারণে ট্রাকটিতে আগুন লেগেছে। ট্রাকের মালিক বিষয়টি পুলিশকে জানাননি। বরং পুড়ে যাওয়া ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান। এ ঘটনার মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।