টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি

টুঙ্গিপাড়া উপজেলার গোপালগঞ্জ-পাটগাতী সড়কের কুশলী বাসস্ট্যান্ডের পাশে পড়ে আছে পুড়িয়ে দেওয়া বিজিবির গাড়িছবি: নুতন শেখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পেরোতেই সড়কে পড়ে আছে গাছের গুঁড়ি। সড়কের ওপর আড়াআড়িভাবে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে সড়কের ওপর। সেখান থেকে আরও কিছুদূরে কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার সড়কজুড়ে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি।

এটি আজ বুধবার সকাল আটটার চিত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা ও থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সরেজমিনে দেখা যায়, থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ। থানার ফটক দিয়ে প্রবেশ করতেই বাঁ পাশে দেখা যায় পুলিশের একটি গাড়ি। গাড়িটির পোড়া অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। থানা ভবনের পাশে পড়ে আছে আরেকটি গাড়ির ধ্বংসাবশেষ। গ্যারেজে রাখা আরও দুটি গাড়িও পুড়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

থানার দক্ষিণ পাশে পুলিশ মেসের সামনে ১০ থেকে ১৫টি ব্যাটারিচালিত ভ্যানে পুলিশ সদস্যদের মালপত্র নিয়ে চলে যেতে দেখা যায়। তাঁদের সঙ্গে ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র ছিল। এ সময় দুজন ব্যক্তি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। পরে জানা যায়, ওই দুজনও পুলিশ সদস্যদের চলে যাওয়া ঠেকানোর চেষ্টা করছিলেন।

গোপালগঞ্জ -পাটগাতী সড়কে ফেলে রাখা গাছের গুড়ি। গতকাল সন্ধ্যা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ আছে
ছবি: নুতন শেখ

থানার ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঢুকে দেখা যায়, আগুনে পুড়ে কক্ষগুলোর আসবাব ও সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। একটি কক্ষে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। রেফ্রিজারেটরও পুড়ে গেছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই ও পলেস্তারা। ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর পড়ে আছে কাচের টুকরা। পাশে একটি ডেস্কটপ কম্পিউটার ভাঙা পড়ে আছে। পাশের হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা, দরজাও খোলা। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।

দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোশাক, তোশক ও কম্বল। সেখানে দুজন উপপরিদর্শক (এসআই) অবশিষ্ট কোনো মালামাল পাওয়া যায় কি না, খুঁজছিলেন। নিচতলায়ও কয়েকজন পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল টুঙ্গিপাড়া থানার নতুন ওসি যোগদানের পরপরই স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে একাধিক মসজিদে মাইকিং করা হয়। পরে স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়ো হয়ে থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের নয়টি গাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানার আসবাব
ছবি: প্রথম আলো

২১ প্লাটুন বিজিবি মোতায়েন

থানায় হামলা ও অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গোপালগঞ্জ জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি। আজ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থানা চত্বরে পড়ে আছে পোড়া গাড়ি
ছবি: প্রথম আলো

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন