কাপাসিয়ায় কৃষক দল নেতা হত্যা মামলায় ‘মূল হোতা’ গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় সাবেক কৃষকদল নেতা হেলাল উদ্দিন হত্যার ঘটনায় গ্রেপ্তার জাহিদ হাসান
ছবি: র‍্যাবের সৌজন্যে

গাজীপুরের কাপাসিয়ায় সাবেক কৃষক দল নেতা হেলাল উদ্দিন হত্যার ঘটনায় জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গতকাল রোববার দিবাগত রাত ২টায় শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদ হাসান। তাঁকে ঘটনার মূল হোতা হিসেবে দাবি করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া এলাকায় উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন (৫৫) হামলার শিকার হন।‌ কোটালিবাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রোফিজা খাতুন কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে র‍্যাব-১–এর পোড়াবাড়ী ক্যাম্প থেকে জানানো হয়, ঘটনার পর থেকেই র‍্যাবের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব–১ ও র‍্যাব–৮–এর যৌথ অভিযানে রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হানিফ ব্যাপারীকান্দি এলাকা থেকে অভিযুক্ত জাহিদ হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি চাকু ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে তাঁকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্যসচিব ফকির ইস্কান্দার আলম বলেন, হেলাল উদ্দিন একজন ত্যাগী নেতা ছিলেন। তাঁকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।