লক্ষ্মীপুরে বিএনপির প্রতিবাদ সভার জন্য বানানো মঞ্চে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে বিএনপির প্রতিবাদ সভার জন্য বানানো মঞ্চ ও চেয়ার ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে শহরের উত্তর দেহমনী এলাকায়
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা সভার জন্য বানানো মঞ্চ, প্যান্ডেল ও চেয়ার ছাত্রলীগের নেতা–কর্মীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার বেলা ১টার দিকে শহরের উত্তর দেহমনী এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

আজ বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ ডাকা হয়। হামলার সময় বিএনপির কোনো নেতা-কর্মী সেখানে ছিলেন না। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ সময় সাহাবুদ্দিন সাবুর বাসভবনের দিকেও ইটপাটকেল ছোড়া হয়।

তবে এ হামলার সঙ্গে ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনটির জেলা সভাপতি সাইফুল ইসলাম। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাংচুর করা চেয়ার
ছবি: প্রথম আলো

জেলা বিএনপির নেতা-কর্মীরা বলেন, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুর পৌর শহরে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিকেলের এ সভার জন্য সকাল থেকে প্যান্ডেল ও মঞ্চ বানানো শুরু হয়। নেতা-কর্মীদের বসার জন্য বসানো হয় চেয়ার। হঠাৎ জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী এসে হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার ও প্যান্ডেল ভাঙচুর করেন।

বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন পণ্ড করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন দাবি করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে শাসক দলের এ বাহিনী মঞ্চ, প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করেছে।

তবে জেলা বিএনপির মধ্যে দুটি গ্রুপ রয়েছে বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিজেদের মধ্যে কোন্দলের কারণে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবাদ সভাস্থলে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী হামলা করেনি।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।