সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় মো. ফোরকান (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই প্রাইভেট কারের চালক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফোরকানের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন (২২)। আহত ব্যক্তিরা সবাই কারের যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবাহী কারটি দ্রুতগতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফোরকান নিহত এবং যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, নিহত চালক ফোরকানের ছেলে লাশ নিতে থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত কারটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।