৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে এক দম্পতিকে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করতে গিয়ে মানসিক প্রতিবন্ধী এক যুবকের ছুরিকাঘাতে মো. আতিকুল্লাহ (৪৫) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ।
আটক ওই প্রতিবন্ধী যুবকের নাম সাইদুল ইসলাম (৩১)। তিনি নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের বজলু মিয়ার ছেলে। আহত আতিকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই হিসেবে কর্মরত।
এদিকে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহত আতিকুল্লাহকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জয়নাল আবেদীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন হাসপাতালে ছুটে যান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে মা-বাবাকে আটকে রেখে ঘরে আগুন লাগিয়ে দেন ওই মানসিক প্রতিবন্ধী সাইদুল ইসলাম। স্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন বিকেল পাঁচটার দিকে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানিয়ে সাহায্য চান। খবর পেয়ে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাঁর বাবা-মাকে উদ্ধার করেন। এ সময় পুলিশ ওই প্রতিবন্ধী যুবককে আটকের চেষ্টা করলে তিনি এসআই আতিকুল্লাহকে ছুরিকাঘাত করেন। এ সময় পেট, বুকের ডান পাশ ও ডান হাতের কনুইয়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন আতিকুল্লাহ। অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং সাইদুলকে আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রানা নুরুস শামস প্রথম আলোকে বলেন, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ব্যান্ডেজ দিয়ে রক্ত বন্ধ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বিকেল পাঁচটার দিকে ৯৯৯-এ একটি কল আসে। এক প্রতিবন্ধী যুবক তাঁর মা-বাবাকে আটকে রেখে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর মা-বাবাকে উদ্ধার করেন। এ সময় ওই যুবককে আটক করতে গেলে তিনি এসআই আতিকুল্লাহকে ছুরিকাঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ওই যুবক ও তাঁর মা-বাবা পুলিশের হেফাজতে আছেন।