রেলিংহীন সেতু, দুর্ঘটনার শঙ্কা

মুন্সিগঞ্জ সদর উপজেলার এই সড়কটির দৈর্ঘ্য তিন কিলোমিটার। এই সড়কের চারটি স্থানে নির্মিত সেতুগুলো জরাজীর্ণ হয়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর দুই পাশের রেলিং ভেঙে লোহার রড বের হয়ে আছে। রেলিং না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। সম্প্রতি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

কোনো কোনো সেতুর দুই পাশের রেলিং ভাঙা। কোনোটির পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। জরাজীর্ণ এই চারটি সেতু মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া–চিতলিয়া সড়কে। সেতুগুলোর অবস্থা খারাপ হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি বিভিন্ন যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া থেকে আধারা ইউনিয়নের চিতলিয়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক। এ সড়কে চারটি জরাজীর্ণ কংক্রিটের সেতু রয়েছে। সেতুগুলোর দুই পাশের রেলিং ভাঙা। নৌযানের ধাক্কায় সেতুর পিলারগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেকোনো সময় সেতু ভেঙে, সেতু থেকে গাড়ি পড়ে গিয়ে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সোহরাব হোসেন, চেয়ারম্যান, আধারা ইউপি

সেতুগুলো কবে নাগাদ মেরামত করা হবে, তা জানতে চাইলে এলজিইডির মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার বলেন, ‘এ সড়কের সেতুগুলোর কাজ করার জন্য একটি প্রকল্প প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই যে সেতুর যেমন মেরামত প্রয়োজন, সেটি করা হবে। আবার যেখানে নতুন করে সেতু বানানো প্রয়োজন হলে, সেতু নির্মাণ করা হবে।’

এলজিইডি ও স্থানীয় সূত্র জানায়, সেতুগুলো ৩০-৩৫ বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে। সদর উপজেলার তিনটি ইউনিয়নের ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ এ চারটি সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করেন। এ সড়ক দিয়ে মুন্সিগঞ্জ শহর হয়ে ঢাকা-নারায়ণগঞ্জে আসা-যাওয়া করেন তাঁরা। এ ছাড়া চাঁদপুর জেলার মতলব উপজেলা এবং শরীয়তপুর জেলার কয়েক হাজার মানুষ ঢাকায় যেতে এ পথ ব্যবহার করেন। মুন্সিগঞ্জের তিনটি ইউনিয়ন এবং চাঁদপুরের মতলব, শরীয়তপুরের কাঁচিকাটায় উৎপাদিত আলুসহ মৌসুমি সবজি এ পথ দিয়ে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং রাজধানীর ঢাকায় পাঠানো হয়।

গত বুধবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় গিয়ে দেখা যায়, রজতরেখা নদীর ওপর প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের কংক্রিটের সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। পলেস্তারা খসে পড়ায় রড বেড়িয়ে আছে। দুর্ঘটনা এড়াতে রেলিংয়ের লোহার সঙ্গে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। নদী দিয়ে চলাচলের সময় সেতুর পিলারে নৌযানের ধাক্কায় পলেস্তারা খসে পড়েছে। সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

চর ডুমরিয়া এলাকার স্থানীয় বাসিন্দা মো. সেলিম হোসেন জানান, পাঁচ-ছয় বছর আগে সেতুর রেলিং ভেঙেছে। এরপর আর সেতুর সংস্কার হয়নি। এর মধ্যে ঝুঁকি নিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আসা–যাওয়া করছে। ট্রাক, পিকআপ ভ্যান সেতুর ওপর উঠলেই সেতু কাঁপতে শুরু করে। মনে হয় তখনই সেতু ভেঙে পড়বে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই পথ দিয়ে যাতায়াত করেন। তাঁরা সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা দেখেছেন। তবে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

চর ডুমরিয়া সেতুটি পার হয়ে এ পথ ধরে দুই কিলোমিটার এগিয়ে আধারা ইউনিয়নের বকুলতলা খাল। খালের পশ্চিমাশের সড়কটি চলে গেছে বাংলাবাজার ইউনিয়নের দিকে। বকুলতলা খালের ওপরে দক্ষিণ পাশে আরও একটি জরাজীর্ণ কংক্রিটের সেতু। এই সেতুর রেলিংও ভাঙা। এ সেতুটি পার হয়ে চিতলিয়া বাজার পর্যন্ত যেতে টেপির চর এবং চিতলিয়া খালের ওপরে রয়েছে আরও দুটি কংক্রিটের সেতু। এ দুটি সেতুর অবস্থাও নড়বড়ে।

চরডুমুরিয়া-চিতলিয়া সড়কে নিয়মিত ট্রাক চালান রাসেল মোল্লা। রাসেল মোল্লা বলেন, ‘প্রতিবার আলুর মৌসুমে ট্রাক ভর্তি করে সাত থেকে আট টন আলু নিয়ে চিতলিয়া থেকে মুন্সিগঞ্জ আসি। যখন সেতুগুলার ওপর উঠতাম, তখন নিরাপদে পার হতে আল্লাহর নাম নিতি থাকতাম। এবার তো অবস্থা আরও খারাপ। ভয় হচ্ছে। ভাবছি আলু মৌসুমে এ পথে আর ট্রাক চালাব না।’

আধারা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘যেকোনো সময় সেতু ভেঙে, সেতু থেকে গাড়ি পড়ে গিয়ে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’