ছাত্রলীগের কমিটি ঘোষণার আগে না জানানোয় সংসদ সদস্যের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের লোগো

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত, বয়সোত্তীর্ণ, সরকারি চাকরিজীবী, অছাত্র, ব্যবসায়ী ও মাদকাসক্তদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ করেছে সংগঠনটির একটি অংশ। এ ছাড়া কমিটি ঘোষণার আগে না জানানোয় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর।

ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে গতকাল বুধবার হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের একাংশ। শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোখলেছুর রহমান, সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আমির হামজা, মনিরুল ইসলামসহ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত উপজেলা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমানসহ কমিটির অন্তত চারজন বিবাহিত। এ ছাড়া কমিটির কারও কারও বিরুদ্ধে সরকারি চাকরিজীবী, অছাত্র, ব্যবসায়ী ও মাদকাসক্ত হওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের মূলত টাকার বিনিময়ে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছে। অগঠনতান্ত্রিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়েছে। তাই তাঁরা এ কমিটি মানেন না।

হোসেনপুর উপজেলা কমিটি ঘোষণার পর জেলা ছাত্রলীগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে পোস্ট দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর। সেখানে তিনি জেলা ছাত্রলীগের কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ করেন। এ ছাড়া নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র, বিবাহিত, বয়স্ক ও বিতর্কিতদের পদায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কমিটি ঘোষণার আগে বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল তাঁর। আল-নাহিয়ান খান তাঁকে না জানিয়ে হোসেনপুরের কমিটি করবেন না বলে কথা দিয়েছিলেন। অথচ দুই ঘণ্টা পরই কমিটি ঘোষণা দেওয়া হয়।
সৈয়দা জাকিয়া নূর, সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর)

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রকে জানিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা কমিটি দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, মাসখানেক আগে তিনি সৈয়দা জাকিয়া নূরের কাছে উপজেলা কমিটির জন্য নাম চেয়েছিলেন। তবে সংসদ সদস্য তাঁকে নাম জমা দেননি। এ ছাড়া ছাত্রলীগের গঠনতন্ত্রের কোথাও লেখা নেই, কমিটি গঠন করতে হলে সংসদ সদস্যকে জানাতে হবে। বরং এ বিষয়ে তাঁরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়বদ্ধ। তবে কিছু কিছু নেতাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এসবের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর প্রথম আলোকে বলেন, কমিটি ঘোষণার আগে বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল তাঁর। আল-নাহিয়ান খান তাঁকে না জানিয়ে হোসেনপুরের কমিটি করবেন না বলে কথা দিয়েছিলেন। অথচ দুই ঘণ্টা পরই কমিটি ঘোষণা দেওয়া হয়। আল-নাহিয়ান কথা রাখেননি। এমনকি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও বিষয়টি তাঁকে জানানোর প্রয়োজন বোধ করেননি। এ ঘটনায় তিনি সংক্ষুব্ধ। ছাত্রলীগের এই নেতারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ প্রধানমন্ত্রীর আশপাশে থাকা লোকজনের ছত্রচ্ছায়ায় ও তাঁদের নাম ভাঙিয়ে এ স্পর্ধা দেখাচ্ছেন।

ছাত্রলীগের গঠনতন্ত্রের কোথাও লেখা নেই, কমিটি গঠন করতে হলে সংসদ সদস্যকে জানাতে হবে।
আনোয়ার হোসেন, সভাপতি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ

জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা কমিটির সভাপতি আনোয়ার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের অনুসারী এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।