চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আল আমিনছবি: সংগৃহীত

যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রথমে তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দুর্বল করে পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আল আমিন (২৮) যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার বাসিন্দা। তিনি সোনার গয়না তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আল আমিনকে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ধরন দেখে এটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। প্রাথমিক সুরতহালে নিহত আল আমিনের চোখে–মুখে মরিচের গুঁড়া পাওয়া গেছে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার ক্ষত রয়েছে। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর সঙ্গী-সাথিদের নিয়ে নানা অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওসি মাসুম খান জানান, আল আমিন নিজেও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁর বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে।