মধ্যপ্রাচ্যের যুদ্ধে রেমিট্যান্সে প্রভাব পড়বে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কার কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এটা তো স্বাভাবিক, কিছু প্রভাব তো পড়বেই। যাঁরা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, সরকার তাঁদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। কিছুদিনের মধ্যেই সেটি দৃশ্যমান হবে। এর সুফল অচিরেই দেখতে পারবেন।’
যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন, তাঁদের সেফ সাইডে (নিরাপদে) রাখা। তাঁদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। ওয়ার সিচুয়েশন (যুদ্ধ পরিস্থিতি) কোন দিকে যায়, সে ক্ষেত্রে তাঁদের দেশে আনার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। কেউ যদি ইনজুর্ড (আহত) হন, তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয়, সব দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। প্রতিটা মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে। আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব, আমাদের নাগরিকদের নিরাপত্তার চেষ্টা করছি।’
প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ বাজার চালু করার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সেসব বাজার চালু করার চেষ্টা চলছে। তবে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের কারণে সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্ব দিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এখন একটু স্লো। আশা করছি, আগামী মাস থেকে তা আরও গতি পাবে।’
এর আগে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেটের ছিনতাই ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনাও দেন। পাশাপাশি বাজার তদারকি এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে নজর রাখার আহ্বান জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।