শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে আহত

আহত মো. মনির হোসেনছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতইন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. মনির হোসেন (২৮)। তিনি মতইন গ্রামেরই বাসিন্দা। তিনি ডমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শাপলা কলি প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব রয়েছেন বলে জানিয়েছে এনসিপি।

এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত মনিরকে চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। এতে তিনি বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তাৎক্ষণিক তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

সুলতান মুহাম্মদ জাকারিয়া অভিযোগ করেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় তাঁর অনেক ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কোথাও আবার আগুন দিয়ে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে সাহাপুরে তাঁর একজন কর্মী ব্যানার টাঙাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে।

জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অজ্ঞাতপরিচয় তিনজন ব্যক্তি মনির হোসেনের ওপর হামলা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।