কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া শহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর ঝাউতলা এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তারের ছেলে পারভেজ হোসাইন ওরফে সৌরভ, পূর্ব মজমপুর খন্দকারবাড়ি এলাকার খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান ও কুমারখালী উপজেলার বাড়াদি বানিয়াপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলায় এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের মণ্ডল ফিলিং স্টেশনের পাশের একটি মাঠে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। নিহত মোস্তাফিজুর রহমান পূর্ব মজমপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আসাদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। পরে দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছিল।
২০১২ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা দিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে আদালত খালাস দিয়েছেন।