চুয়েটের সামনের সড়কে বসেছে বিভাজক, দ্রুত সড়ক প্রশস্তকরণের আশ্বাস সওজের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনের সড়কে ৫০টি বিভাজক বসিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় বিভাজকগুলো বসানোর কাজ শুরু হয়। এ ছাড়া চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সওজের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস।
এদিকে গতকাল থেকে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা। এর আগে গত ২২ এপ্রিল চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় বাসের ধাক্কায় নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসাইন। আহত হন আরেক শিক্ষার্থী জাকারিয়া হিমু।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন আন্দোলন করেন চুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্ত করে চার লেনে উন্নীতকরণ, সড়ক বিভাজক স্থাপন, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক মনিটরিং ব্যবস্থা নিশ্চিতকরণসহ ১০ দফা দাবি তুলে ধরেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে দাবি মানার অগ্রগতি পর্যবেক্ষণ করার শর্তে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
রাস্তায় বিভাজক বসানোকে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের অর্জন দাবি করে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাকি দাবিগুলোর পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ নিয়মিত পর্যবেক্ষণ করছি। শিগগিরই আমরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্ত করার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করব।’
সওজের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস বলেন, ‘প্রাথমিকভাবে পর্যবেক্ষণের জন্য বিভাজকগুলো বসানো হচ্ছে। এর কার্যকারিতা পরিলক্ষিত হলে পরবর্তী সময়ে আরও বিভাজক বসানো হবে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্তকরণের পদক্ষেপ নিয়েছি। খুব দ্রুত কাজ শুরু হবে।’
এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রাথমিকভাবে ৫০টি বিভাজক স্থাপন করেছে। পাশাপাশি সড়কটি প্রশস্তকরণ নিয়েও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তবু আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এর কাজ শুরু হবে।’