জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য গত বৃহস্পতিবার দুপুরে শিরিনকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে সঙ্গে ছিলেন তাঁর স্বামী।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিরিনকে রেখে তাঁর স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া প্রথম আলোকে বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি পুলিশ দেখছে। হাসপাতাল প্রশাসন এখনই কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।