নৌকার সভায় না এলে ভাতার কার্ড বাতিলের হুঁশিয়ারি দেওয়ায় নোটিশ
জামালপুর-৫ (সদর) আসনে সরকারি ভাতাভোগী ব্যক্তিরা নৌকার প্রার্থীর সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিলের হুঁশিয়ারি দেওয়ায় সেই আওয়ামী লীগ নেতা হাতেম আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার সকালে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ তাঁকে এই নোটিশ পাঠান। নোটিশে আগামী রোববার বেলা তিনটায় সশরীর হাজির হয়ে তাঁকে কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাতেম আলী জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নোটিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিলের পর ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন হাতেম আলী। সেই বক্তব্যে তিনি জামালপুর-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী মো.আবুল কালাম আজাদের সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিলের হুঁশিয়ারি দেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য হাতেম আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, ওই নেতার বক্তব্যের বিষয়ে অনুসন্ধান কমিটি সরেজমিনে খোঁজখবর নিয়েছে। এমন বক্তব্য দেওয়ার কারণে ওই নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত বুধবার হাতেম আলীর দেওয়া বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে হাতেম আলীকে বলতে শোনা যায়, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু শান্তি যদি নষ্ট করতে চান, তাহলে বিএনপি-জামায়াতের মতো আপনাদের অবস্থান হবে। আর আমি বলতে চাই, এই ১৫ বছরে যে ভাইয়েরা বিভিন্ন ভাতার অধীনে অন্তর্ভুক্ত হয়ে চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে ভাতা ভোগ করছেন। শিগগিরই আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের আহ্বান করবেন প্রাইমারি স্কুলের মাঠে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেদিন উপস্থিত হবেন। আর যদি উপস্থিত না হন, ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা নির্বাচনের পরে যাঁরা আমাদের বিরুদ্ধে থাকবেন, সব ভাতাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে বলছি, সব ভাতাই কিন্তু কাটা পড়ে যাবে।’