যশোরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে ১৮ বছর পর স্বামী ওসমান আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নীলুফার শিরিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওসমান ঝিকরগাছা উপজেলার দিঘড়ি গ্রামের আক্কাজ আলীর ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি ওসমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঘটনার পর থেকে তিনি পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি ওসমানকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ওসমান ঘটনার পর থেকে পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ঝিকরগাছার সোনাকুড় গ্রামের সন্তোষ আলীর মেয়ে রাশিদা খাতুনকে বিয়ে করেন ওসমান। একটি সন্তানের জন্ম হওয়ার পর তাঁদের সংসারে বিবাদ দেখা দেয়। যৌতুকের দাবিতে ওসমান রাশিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এরপর ২০০৪ সালের ৭ মার্চ রাতে কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়িতে আসেন ওসমান। পরদিন সকালে ওসমানের বাড়ি থেকে রাশিদার লাশ উদ্ধার করা হয়। এর আগেই ওসমানসহ অন্য ব্যক্তিরা পালিয়ে যান।
ঘটনার পাঁচ দিন পর নিহত রাশিদার বাবা সন্তোষ আলী বাদী হয়ে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে ওসমান আলীসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ওই বছরের ৩ মে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার অন্য আসামিরা হলেন দিঘড়ি গ্রামের বাসিন্দা কুতুব আলী, ফজর আলী, সাদেক আলী ও মাহাবুবুর রহমান ওরফে কালু।
মামলার তদন্ত শেষে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়ায় ওই বছরের ৪ জুলাই ওসমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের তৎকালীন উপপরিদর্শক হাবিবুর রহমান। চার্জশিটের অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।