বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ, এক ঘণ্টা পর লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মাইনুল ইসলাম (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর তাঁর সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয় লোকজন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

মাইনুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাইনুলের বন্ধু সাব্বির রহমান বলেন, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে এসেছিলেন। সকালে তাঁরা পর্যটনকেন্দ্রে পৌঁছান। বেলা ১১টার দিকে তাঁরা একসঙ্গে পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর অন্যরা মাইনুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে মাইনুলের মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনি প্রথম আলোকে বলেন, তাঁর মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।